দশমিনায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দশমিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাড. ইকবাল মাহমুদ লিটন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বহিষ্কারের ঘোষণা দেন। জানা যায়, দশমিনা উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে আলিপুর, বাঁশবাড়িয়া ও বহরমপুরসহ তিনটি ইউনিয়নের নির্বাচন শুরু হয়েছে। ঐ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় আলীপুর ইউনিয়নের আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মো. আতিকুর রহমান সাগর ও টেলিফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন হাওলাদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও বাঁশবাড়িয়া ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আলতাফ হোসেন হাওলাদার ও বহরমপুর ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মাইনুল ইসলামসহ (বাচ্চু) মোট চার জনকে বহিষ্কার করা হয়েছে।