ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হরতালের সময় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত ১৮টি মামলা হয়েছে। আর এসব মামলায় পুলিশ গ্রেফতার করেছে ২১ জনকে। পুলিশ সূত্রে জানা যায়, হামলা ও সংঘর্ষের ঘটনায় সদর থানায় ১৫টি, আশুগঞ্জ থানায় দুটি এবং সরাইল থানায় একটি মামলা করা হয়েছে। গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত হেফাজতের সমর্থকদের সংঘর্ষে ১২ জন নিহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান মিয়া বলেন, এ পর্যন্ত থানায় প্রেস ক্লাবসহ ১৫টি মামলা দায়ের করা হয়েছে।
আশুগঞ্জ থানার (ওসি) মো. জাবেদ মাহমুদ বলেন, এ পর্যন্ত দুটি মামলা হয়েছে। তিন জনকে গ্রেফতার করা হয়েছে। সরাইল থানার (ওসি) নাজমুল আহমেদ বলেন, থানায় একটি মামলা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতের হরতালে রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া। সকাল থেকেই হরতাল সমর্থকেরা বিভিন্ন সড়ক-মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে।