কাশ্মিরে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

কাশ্মিরে ফের জঙ্গিদের লক্ষ্য বিজেপি নেতা। তবে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় সেই বিজেপি নেতার এক নিরাপত্তারক্ষীর। এই ঘটনায় কাশ্মীরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

জম্মু কাশ্মিরে বেশ কিছুদিন থেকেই জঙ্গিদের লক্ষ্য বিজেপি নেতা-কর্মীরা। এদিনও নওগাম এলাকার এক বিজেপি নেতা আনোয়ার খানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসবাদীরা। ভাগ্যগুনে রক্ষা পান ওই নেতা। তবে তাকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারান তারই এক নিরাপত্তারক্ষী। 

গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এই হামলার তীব্র নিন্দা করেছে কাশ্মিরের বিজেপি নেতৃত্ব। এদিকে হামলার পর এক নিরাপত্তারক্ষীর এসএলআর রাইফেল ছিনতাই করে পালায় জঙ্গিরা। তবে কোন সংগঠন এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। 

তবে এই প্রথমবার নয়। এর আগেও আনোয়ার খানকে লক্ষ্য করে গুলি চালিয়েছে জঙ্গিরা। ২০১৮ সালেও পুলওয়ামা এলাকায় তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল সন্ত্রাসবাদীরা। সেই সময় তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন তাঁর নিরাপত্তারক্ষী। 

ইত্তেফাক/এএইচপি