বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে আজ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। ফাইনালে খেলছে বাংলাদেশ। প্রতিপক্ষ কেনিয়া। কাবাডি স্টেডিয়ামে পাশেই ভলিবল কোটে ফাইনাল শুরু হবে সন্ধ্যা ৭টায়। ফাইনাল ম্যাচ নিয়ে কাবাডি খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা খুব সিরিয়াস। ট্রফি জয়ের জন্য তারা যেন মরিয়া।
জাতীয় দলের অধিনায়ক তুহিন তরফদার জানিয়েছেন—ট্রফি ঘরেই রাখবেন তারা। তুহিন বলেন, টুনামেন্টের শুরু থেকেই আমরা ফাইনালে খেলার আত্মবিশ্বাস নিয়েই খেলে আসছিলাম। আমরা লক্ষ্যে পৌঁছে গিয়েছি। সামনে এখন একটিই ম্যাচ। প্রতিপক্ষ যে-ই হোক ফাইনালে তাদের হারিয়ে শিরোপাটা তুলে আনতে চাই। আমরা সবাই মুখিয়ে আছি।’ নিজ দল সম্পর্কে বলতে গিয়ে জানালেন, শ্রীলঙ্কা কিংবা কেনিয়া এই দুই দলকেই হারিয়েছিল বাংলাদেশ। সেই জয়ের অভিজ্ঞতা আগেই নেওয়া হয়েছে। অতএব ফাইনালের প্রতিপক্ষ এখন আর দুর্ভাবনা নয়।’
বাংলাদেশ জাতীয় কাবাডি দলের ভারতীয় কোচ সাজুরাম গয়াত বলেন, টুর্নামেন্টে দারুণ ফর্মে আছে বাংলাদেশ। প্রত্যেক ম্যাচই অসাধারণ খেলেছেন খেলোয়াড়রা। সেই সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ দল ফাইনালেও আজ শতভাগ সাফল্য পাবে। শিরোপা জয়ের লক্ষ্যে সবধরনের কৌশল অবলম্বন করবে বাংলার খেলোয়াড়রা। এরই মধ্যে সব দলের দুর্বলতাও দেখা হয়েছে এবং নিজেদের ভুলগুলো কাটিয়ে ওঠার কাজও করা হয়েছে বলে জানিয়েছেন কোচ।