পারিবারিক সম্পত্তিতে ওয়ারিশদের অংশ

আমাদের দেশে মুসলিম পারিবারিক আইনে ওয়ারিশদের মধ্যে সম্পত্তির বণ্টননামার ব্যাপারে সঠিক নিয়ম ও আইন রয়েছে। সেই আইনে পরিবারের প্রত্যেক সদস্যের প্রাপ্য অংশ সম্পর্কে সুনির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে বাবার সম্পত্তিতে মা পাবে দুই আনা সম্পত্তি। অবশিষ্ট সম্পত্তিতে ছেলে এবং মেয়েরা ভাগ পাবে। একজন ছেলে যা সম্পত্তি পাবে, একজন মেয়ে পাবে তার অর্ধেক সম্পত্তি। এভাবে বাবা-মায়ের যতজন ছেলেমেয়ে থাকবে তারা প্রত্যেকেই হারাহারিভাবে সম্পত্তিতে অধিকার ভোগ করবে। মায়ের অধিকারে থাকা সম্পত্তির ক্ষেত্রেও ছেলেমেয়েদের পাওনা অংশের কথা স্পষ্টভাবে বলা আছে। এখন কথা হলো আমাদের সমাজব্যবস্থায় পারিবারিক সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে এইসব নিয়ম কতটা মানা হয় তা ভেবে দেখা দরকার। পরিবারের বাবা, মা অথবা যিনি বয়োজেষ্ঠ্য সদস্য তাঁর দায়িত্ব হলো সব সদস্যের মধ্যে সম্পত্তির অংশ প্রাপ্য অনুসারে ভাগ করে দেওয়া। অনেকক্ষেত্রে দেখা যায়, বাবা-মায়ের অকাল মৃত্যু অথবা বিভিন্ন পারিপার্শ্বিক কারণে পরিবারের সদস্যদের মধ্যে সম্পত্তি বণ্টন করে দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে পরিবারে যিনি অভিভাবক থাকেন, তাঁর দায়িত্ব হচ্ছে অন্য সদস্যের মধ্যে সম্পত্তির অংশ বুঝিয়ে দেওয়া। কিন্তু আমাদের সমাজের অনেক পরিবারে সদস্যদের মধ্যে সম্পত্তির ভাগ বুঝিয়ে তো দেনই না, বরং অনেক সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে  বোনদের সম্পত্তির ভাগ বুঝিয়ে না দিয়ে জোর করে ভোগদখল করে থাকেন। ভাগের অংশ বুঝিয়ে দেওয়ার কথা বললে শুরু হয় পারিবারিক অশান্তি ও ঝগড়া। এমনকি সেটা মামলা-মোকদ্দমা পর্যন্ত গড়ায়। অথচ এঁরা একই বাবা-মায়ের সন্তান। ভূমি আইন বা জমিজমাসংক্রান্ত দেওয়ানি আইনে মামলা হলে প্রকৃত মালিক জমির অধিকার  পেতে অনেক সময় পুরো জীবন পার করতে হয়। শুধু লোভের বশবর্তী হয়ে ঠকানোর মানসিকতা পোষণ করার কারণেই একই বাবা-মায়ের সন্তান হওয়া সত্ত্বেও জমির ভাগ সঠিকভাবে বণ্টন না করে দুর্বল এবং সরল সদস্যদের ওপর জুলুম-নির্যাতন চালানো হয়। যা মোটেও কাম্য নয়। পাবািরিক সম্পত্তি ওয়ারিশদের মধ্যে সঠিকভাবে সহজ নিয়মে বুঝিয়ে দেওয়া খুবই প্রয়োজন। এক্ষেত্রে প্রয়োজনে ভূমি আইনের সংস্কার করা যেতে পারে, ওয়ারিশদের সম্পত্তি সদস্যদের মধ্যে বুঝিয়ে দেওয়ার জন্য ডিসি মহোদয় বা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলাদা পারিবারিক সম্পত্তি নিষ্পত্তি সেল গঠন করা যেতে পারে। এটা এখন সময়ের দাবি। 

কামরুজ্জামান

সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ, ভাওয়ালগড়, গাজীপুর