আবার বাড়ছে করোনা সংক্রমণ

মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে। ১৩ তারিখে ছয়টি জেলায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধির প্রবণতা লক্ষ করা যায়। এক সপ্তাহের মধ্যে অর্থাত্ ২০ তারিখে এই প্রবণতা আরো ২০টি জেলায় ছড়িয়ে পড়ে। বর্তমানে দেশের অধিকাংশ জেলায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে। আগামী কয়েক দিনের মধ্যেই সারা দেশে করোনা পরিস্থিতি ভয়ংকর রূপ ধারণ করতে পারে। পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, এবারো স্বাস্থ্য মন্ত্রণালয় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ছয়টি জেলায় প্রবণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অধিক সংক্রমিত এলাকাগুলোকে কঠোর নজরদারিতে রাখলে এখন সারা দেশে তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিত না। দীর্ঘ সময়ের জন্য লকডাউন হলে সাধারণ মানুষ মহাবিপদে পড়বে। কাজেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনসহ অধিক সংক্রমিত জেলাগুলোতে অন্তত ১৫ দিনের জন্য শতভাগ লকডাউন কার্যকর করতে হবে। এছাড়া সারা দেশেই স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালনের জন্য ব্যাপক প্রচার চালানো উচিত।

বিপ্লব বিশ্বাস

গোয়ালচামট, ফরিদপুর