স্টার্টআপে বিনিয়োগ হবে ১০০ কোটি টাকা

বাংলাদেশ উদ্যাপন করছে মুজিববর্ষ এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি। এই বিশেষ উপলক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রতিষ্ঠিত ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ‘শতবর্ষে শত আশা’ উদ্বোধনের মাধ্যমে বিনিয়োগগ্রহণকারী স্টার্টআপসমূহের সর্বপ্রথম সিরিজের নাম ঘোষণা করেছে। এ উপলক্ষ্যে বুধবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ সরকারের ৫০০ কোটি টাকা অর্থায়নে প্রথম ও একমাত্র ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান হিসেবে ২০২০ সালের মার্চে যাত্রা শুরু করে। এই বিশেষ তহবিলটি খরচ করা হবে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনীতে।

৫০টি স্টার্টআপ প্রতিষ্ঠান যারা প্রযুক্তিগত উদ্ভাবন বৃদ্ধি ও টেকসই উন্নয়নকে মাথায় রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নতুন কাজের সুযোগ তৈরি করছে, সেই প্রতিষ্ঠানগুলোকে সামগ্রিকভাবে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। এছাড়াও প্রযুক্তিনির্ভর এই ব্যবসা উদ্যোগগুলোর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনা করে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড সীড ও গ্রোথস্টেজ কোম্পানিতে বিনিয়োগ করবে।

প্রথম সিরিজে বিনিয়োগ গ্রহণকারী সাতটি প্রতিষ্ঠানের মধ্যে আছে: পাঠাও,  ঢাকা কাস্ট, মনের বন্ধু, চালডাল, এডুহাইভ, সেবা ডট এক্স ওয়াই জেড এবং ইনটেলিজেন্ট মেশিনস। এই স্টার্টআপগুলোকে সামগ্রিকভাবে ১৫ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে, যার মাধ্যমে তারা তাদের পণ্য বা সেবার মান উন্নয়ন, উত্পাদন বৃদ্ধি, বিপণন ও সাপ্লাই-চেইন ব্যবস্থাপনার উন্নয়ন সাধন করতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ। এছাড়াও সম্মানিত অতিথি ছিলেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারপারসন, জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম।

প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, এই কোম্পানির মাধ্যমে সরকার উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ জায়গা তৈরি করে দিয়েছে যেখানে তারা সকল প্রকারের আর্থিক ও পরিচালনামূলক সহযোগিতা পেয়ে তাদের কার্যক্রমের পরিসর বৃদ্ধি করতে পারবে।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিনা জাবীন বলেন, বাংলাদেশের তরুণদের সম্ভাবনা অসীম ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে কনট্রিবিউশন করতে পেরে অত্যন্ত গর্বিত।