দ্রুত লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প নীতিমালার খসড়া চূড়ান্ত করার তাগিদ

হালকা প্রকৌশল (লাইট ইঞ্জিনিয়ারিং) শিল্পের উন্নয়ন নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এ খাতের উন্নয়নের নানামুখী উদ্যোগের কথা শোনা গেলেও বাস্তবে অগ্রগতি প্রত্যাশিত নয়। এখনো লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প নীতিমালার খসড়া চূড়ান্ত হয়নি। অন্যদিকে সম্ভাবনাময় এলাকা চিহ্নিত করে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পপার্ক স্থাপনের কথা বলা হলেও অগ্রগতি প্রত্যাশিত নয়। গতকাল শিল্প মন্ত্রণালয়ের এক সভায় এ খাতের অগ্রগতির বর্তমান পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনা হয়। সভায় শিল্পসচিব কে এম আলী আজম সভাপতিত্ব করেন। ভার্চুয়ালি অনুষ্ঠিত ঐ সভায় মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, বিসিক ইতিমধ্যে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পপার্ক স্থাপনের কাজ শুরু করেছে। পাশাপাশি সংস্থাটির বাস্তবায়নাধীন অন্য শিল্পপার্কেও হালকা প্রকৌশল শিল্প উদ্যোক্তাদের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হবে। মুন্সিগঞ্জের বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল শিল্পপার্কের নির্মাণ কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে। এ কাজের অগ্রগতি ৩৩ শতাংশ। এছাড়াও বিসিক হালকা প্রকৌশল শিল্পপার্ক মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডিপিপির কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দ্রুত লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প নীতিমালার খসড়া চূড়ান্ত করার তাগিদ দেওয়া হয়।  এ সময় শিল্পসচিব বলেন, লাইট ইঞ্জিনিয়ারিং এ মুহূর্তে বাংলাদেশের বহুমুখী সম্ভাবনাময় শিল্প খাত। শিল্পোন্নত বাংলাদেশের লক্ষ্য অর্জনে এ শিল্প খাতের পরিকল্পিত উন্নয়ন ঘটাতে হবে।