বিএনপির বেশ কয়েক জন নেতা বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিত্সাধীন। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেন করোনায় আক্রান্ত হয়ে বুধবার স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। দলের অপর স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও তার স্ত্রী রিফাত হোসেন ২৯ মার্চ থেকে করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিত্সা নিচ্ছেন। চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. এ কে এম আজিজুল হক করোনায় আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিত্সা নিচ্ছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ১৭ মার্চ থেকে করোনায় আক্রান্ত। তিনি স্কয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে বিএনপি গঠিত মিডিয়া কমিটির সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিত্সা নিচ্ছেন। মিডিয়া কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিত্সা নিচ্ছেন।
মান্না করোনায় আক্রান্ত
করোনায় আক্রান্ত হয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গতকাল বৃহস্পতিবার সকালে তার করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। মান্না বলেন, বুধবার করোনা টেস্ট করেছি। গতকাল সকালে রেজাল্ট পজিটিভ আসে। শরীর ভালো আছে। বাসায় থেকে চিকিত্সা নিচ্ছি। দেশবাসীর কাছে দোয়া চাই।