ফুলবাড়ীয়ায় অটো চালককে গলা কেটে হত্যা

ফুলবাড়িয়ায় দিনদুপুরে অটোচালক নাজমুল হোসেনকে (১৮) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নাজমুল ভালুকজান পানের ভিটা গ্রামের হেলাল উদ্দিনের পুত্র।

নিহতের দাদা আব্দুল খালেক জানান, গতকাল সকালে বাড়ি থেকে অটো নিয়ে বের হয় নামজুল। পরে দুপুরে ফুলবাড়িয়া থেকে যাত্রী নিয়ে রাঙ্গামাটিয়া বাজারের পশ্চিম দিকে টানপাহাড় নামক স্থানে পৌঁছালে অটোতে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা নাজমুলকে গলা কেটে হত্যা করে। হত্যার পর অটো নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে গোয়ালার লেবুর বাগানে অটো ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাঙ্গামাটিয়া বাজারের আব্দুল আলীম জানান, নাজমুলকে উদ্ধার করে রাঙ্গামাটিয়া বাজারে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহূত চাকু উদ্ধার করেছে। জানা গেছে, নাজমুল হেলাল উদ্দিনের একমাত্র পুত্র। এক মাস আগে তাকে অটো কিনে দেয় তার বাবা। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর জানান, প্রাথমিকভাবে নিহতের নাম-ঠিকানা পাওয়া গেছে। বিস্তারিত পরে বলা যাবে।