কলারোয়ায় দুই শিশু সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ ও মেঝেতে পড়ে থাকা অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে। নিহতরা হলো—উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের শিমুল হোসেনের স্ত্রী মাহফুজা (২৮), ছেলে মাহফুজ (৯) ও সাড়ে চার বছরের কন্যা মোহনা। সাতক্ষীরার পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দুই শিশু সন্তানকে হত্যা করে তাদের মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন নিহতের আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। তবে কি কারণে ওই গৃহবধূ দুই শিশু সন্তানকে নিয়ে আত্মঘাতী হলেন তার প্রকৃত কারণ এখনো সুস্পষ্টভাবে জানা যায়নি।

লাঙ্গলঝাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি এক ইউপি সদস্যের কাছ থেকে খবর পেয়ে থানা পুলিশকে জানান।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবীর জানান, খবর পেয়ে দ্রুত দুই শিশু ও তাদের মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।