করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম ও কক্সবাজারের সব পর্যটনকেন্দ্রে ১৪ দিনের জন্য জনসমাগম নিষিদ্ধ করেছে সংশ্লিষ্ট দুই জেলা প্রশাসন। জেলাগুলোতে আপাতত বন্ধ থাকবে কমিউনিটি সেন্টার, আবাসিক হোটেল-মোটেল, রেস্টহাউজ, সিনেমা হল এবং সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ফেসবুকে ডিসির ভেরিফাইড পেজে লেখেন, আজ (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত জেলার সকল পর্যটন স্পট ও বিনোদনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বাস্থ্যবিধি প্রতিপালনসংক্রান্ত ১৮ দফা নির্দেশনা পাওয়ার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করে সবাইকে নির্দেশনাগুলো কঠোরভাবে পালনের জন্য বলা হয়েছে। আপাতত ১৪ এপ্রিল পর্যন্ত এ নির্দেশনা মানতে হবে। এরপর পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে করোনা সংক্রমণে ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য পর্যটননগরী কক্সবাজার। গত মার্চ মাসে নতুন করে ৫১৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ৩১ মার্চ এক দিনেই আক্রান্ত হয়েছে ৪৩ জন।