মাত্র ১৩০ টাকার জন্য বৃদ্ধকে লাথি দিয়ে হত্যা

সীতাকুণ্ডে বাকি থাকা ১৩০ টাকা চাইতে গিয়ে এক যুবকের লাথির আঘাতে চায়ের দোকানের মালিক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম নুর ইসলাম (৬০)। তিনি বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের মৃত আব্দুল হাবিবের ছেলে।

জানা যায়, নুর ইসলাম ২নং আবুর পুকুর পাড়ে একটি পান সিগারেট ও চায়ের দোকান চালাতেন। রবিবার দুপুর ১টায় একই গ্রামের আবুল মুনছুরের ছেলে মোঃ মোশাররফ (২৫) নুর ইসলামের দোকান থেকে ৫ টাকার সিগারেট নেয়। সে সময় নুর ইসলাম তার কাছে আগের বাকি ১৩০ টাকা চান।এতে মোশাররফ ক্ষিপ্ত হয়ে নুর ইসলামকে কিল ঘুষি ও লাথি মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে স্থানীয়রা নুর ইসলামকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আসামি মোশাররফ বলেন, ‘আমার সঙে্গে তার ছেলের তর্কাতর্কি হয় এবং তার (বৃদ্ধ) শরীরে আমি স্পর্শও করিনি।’

আরও পড়ুনঃ বগুড়ায় কলেজ ছাত্র অপহরণ, গ্রেপ্তার ৩

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান, ‘বৃদ্ধের সঙ্গে ধাক্কাধাক্কির এক পর্যায়ে তিনি চেয়ারের ওপর পড়ে গেলে বুকে ব্যথা পান। হাসপাতালে তাকে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

ইত্তেফাক/নূহু