নিউজিল্যান্ডের মাটিতে ম্যাচ জয়ের স্বপ্নটা বাংলাদেশ দলের কাছে দূর-আকাশের তারা হয়েই রইল। অনেক প্রত্যাশা থাকলেও অতীতের মতো এবারও নিউজিল্যান্ড সফরে হারের বৃত্ত ভাঙা যায়নি। সফরের দ্বিতীয় ওয়ানডে ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের সূর্য উঁকি দিয়েছিল বটে; কিন্তু তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। দুই ফরম্যাটে ছয়টি ম্যাচ হেরেছেন তামিম-মাহমুদউল্লাহরা। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ৩-০তে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ততা সঙ্গী হয়েছে বাংলাদেশের।
অকল্যান্ডের ইডেন পার্কে গতকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে ৬৫ রানের হার দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটা হয়েছে ১০ ওভারে। নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ইনজুরিতে পড়ায় বাংলাদেশের নেতৃত্ব দেন লিটন দাস।
টসে হারা নিউজিল্যান্ড ফিন অ্যালেনের বিস্ফোরক হাফ সেঞ্চুরিতে চার উইকেটে ১৪১ রান করেছিল। অ্যালেন ২৯ বলে ৭১ (১০ চার, তিনটি ছয়), গাপটিল ৪৪ রান করেন। জবাবে ১০ ওভারই খেলতে পারেনি বাংলাদেশ। ৯ দশমিক ৩ ওভারে ৭৬ রানে অল-আউট হয় সফরকারীরা। নাঈম শেখ ১৯, মোসাদ্দেক ১৩, সৌম্য ১০ রান করেন। অ্যাস্টল চারটি, সাউদি তিনটি করে উইকেট পান। ফিন অ্যালেন ম্যাচ সেরা হন।
নিজেদের ক্রিকেট ইতিহাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ছয় বার নিউজিল্যান্ড সফর করল বাংলাদেশ। যেখানে একবারও মিলেনি জয়ের স্বস্তি। টানা ৩২ ম্যাচ হারের গ্লানি নিয়ে ফিরছে বাংলাদেশ দল।