‘বঙ্গবন্ধুর চেতনা নারী কিংবা পুরুষের ওপর নির্ভরশীল নয়’

নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘মুজিব চিরন্তন’ মঞ্চে ‘অদম্য’-তে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন তিনি। তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের ‘অদম্য’ এর ধারণা, স্ক্রিপ্ট, কোরিওগ্রাফি ও পরিচালনায় ছিলেন তিনি নিজেই।

বুধবার তারকাদের আড্ডা নিয়ে ইত্তেফাক অনলাইনের নিয়মিত আয়োজন ‘টুনাইট শো উইথ জনি হক’ অনুষ্ঠানে অতিথি ছিলেন নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। এসময় ‘অদম্য’ নিয়ে বেশকিছু অজানা বিষয় শেয়ার করেন তিনি।

একজন নারী হয়ে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় সম্পর্কে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে একটা চেতনা। তারপর উনি একজন মানুষ। কিছু মানুষ আছে যারা নিজেদের কাজের মাধ্যমে চির অমর হয়েছে থাকেন। তাদের মধ্যে বঙ্গবন্ধু একজন। সত্যি কথা বলতে চেতনা, দেশপ্রেম, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, বেশ গড়ার অদম্য ইচ্ছা- এই বিষয়গুলো নারী কিংবা পুরুষের উপর নির্ভরশীল নয়। এগুলো কমন বিষয়। যেহেতু বঙ্গবন্ধু একজন পুরুষ বলে ছেলেরাই যে তাকে তুলে ধরবে তা না। এজন্য একটা নারী হিসেবে আমি বঙ্গবন্ধুকে তুলে ধরার চেষ্টা করেছি।’

পূজা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক সারিতে বসে অমার অনুষ্ঠান উপভোগ করেছেন- এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। প্রথমত আমি বলবো- আমরা যে দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে এই কাজ করেছি সেটা তার মধ্যে আছেন। অন্যটি হলো- বঙ্গবন্ধুকে যে দুইজন মানুষ (শেখ হাসিনা-শেখ রেহানা) সবথেকে বেশি অনুধাবন করতে পাবেন তারা আমাদের মধ্যে আছেন। তারা দুইজনই ভীষণভাবে অনুষ্ঠান উপভোগ করেছেন।’

পূজা সেনগুপ্তের কথায়, ‘আমরা যখন মহড়া করছিলাম তখন আমরা ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করি। তখনই দর্শকরা চাচ্ছিলেন আমরা এই প্রডাকশনটা আমরা করি। যেহেতু এজন্সি গ্রে-এর মাধ্যমে আমরা চুক্তিবদ্ধ সেহেতু সরকার যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা ‘অদম্য’ নিয়ে একটি উৎসবও করতে পারি।’

 পূজার ভাষ্য, ‘অনুষ্ঠানের সবকিছুই আমাদের অনুকূলেই ছিলো। এই ‘অদম্য’ নিয়ে আমরা যতটুকু আশা করেছিলাম ঠিক ততটুকুই হয়েছে। আগামীতে আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো। আমাদের ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’

ইত্তেফাক/বিএএফ