দেশে দ্রুত বাড়তে থাকা করোনা ভাইরাসের বিস্তার রোধে অবিলম্বে বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদনকেন্দ্রসহ যে কোনো ধরনের মেলা বন্ধ করার সুপারিশ করেছে করোনা মোকাবিলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি। গতকাল বৃহস্পতিবার কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
কমিটির সভায় এসব সুপারিশ গৃহীত হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রোগ প্রতিরোধের জন্য অবিলম্বে সামাজিক অনুষ্ঠান, বিনোদনকেন্দ্র, বইমেলা ও অন্যান্য মেলা বন্ধ করা দরকার। একই সঙ্গে পরিবহনে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরার বিষয়ে ইতিমধ্যে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেসব যাতে পালন করা হয়, তার ব্যবস্থা নিতে হবে।’ ধর্মীয় আচার-অনুষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্দেশনা নেওয়ার পরামর্শ দিয়েছে কমিটি।
সুপারিশে বলা হয়েছে, প্রতিদিন নতুন রোগী বাড়তে থাকায় হাসপাতালগুলোর কোভিড ইউনিটগুলোতে সাধারণ ও আইসিইউ শয্যা বাড়ানো প্রয়োজন। সেই সঙ্গে ঢাকার বাইরে মেডিক্যাল কলেজগুলোর সক্ষমতা বাড়াতে হবে, যাতে এলাকার রোগীদের সেখানেই প্রয়োজনীয় চিকিত্সা দেওয়া যায়। করোনা ভাইরাসের পরীক্ষা করতে আসা মানুষ যাতে সহজে সেবা পায়, তার ব্যবস্থা করার পাশাপাশি আগামী দিনগুলোতে পরীক্ষার চাহিদা ‘বাড়তে পারে’ জানিয়ে সেজন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে সুপারিশে। সরকার পোস্ট ভ্যাকসিনেশন সার্ভেইলেন্সের যে উদ্যোগ নিয়েছে, তাকে ‘একটি ভালো উদ্যোগ’ হিসেবে বর্ণনা করেছে কমিটি। পাশাপাশি সংক্রমণের গতি-প্রকৃতি বুঝতে জেনেটিক সিকোয়েন্সিংয়ে জোর দিয়ে সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা ও আর্থিক সংস্থানের ব্যবস্থা করতে বলা হয়েছে কমিটির সুপারিশে।