ধনীদের ওপর কর বৃদ্ধির পরিকল্পনা

অবকাঠামো খাতে ২০ হাজার কোটি টাকা খরচ করবেন বাইডেন

আমেরিকায় অবকাঠামো খাতে বড় ধরনের পরিবর্তন আনতে উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে প্রচুর কর্মসংস্থান হবে। আর পুরোটাই হবে বড়লোকদের ওপর কর বসিয়ে। বাইডেন ঘোষণা করেছেন, আমেরিকায় অবকাঠামোর হাল ফেরাতে তিনি দুই ট্রিলিয়ন ডলার খরচ করবেন। খবর ডয়চেভেলের

আগামী আট বছরে বিপুল পরিমাণ অর্থ খরচ করে আমেরিকার অবকাঠামো খাতে বড় ধরনের পরিবর্তন আনতে চাইছেন জো বাইডেন। তিনি বলেছেন, সাধারণ মানুষের ওপর কোনো বাড়তি কর চাপানো হবে না। যাদের আয় চার লাখ ডলার বা তার বেশি, তাদের করের হার ২১ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হবে। আর কর ব্যবস্থার ফাঁকগুলোও বন্ধ করা হবে। ট্রাম্প ক্ষমতায় এসে বড়লোকদের ওপর কর কমিয়ে দিয়েছিলেন। বাইডেন সেটা আবার বাড়িয়ে অবকাঠামো খাতে উন্নতির খরচ জোগাড় করতে চান।

বাইডেনের বক্তব্য, তার এই পরিকরল্পনা হলো ‘ওয়ানস ইন আ জেনারেশন প্ল্যান’, মানে এক প্রজন্মে একবারই এই ধরনের যোজনা নেওয়া হয় বা নেওয়া যায়। চীন এখন অর্থনীতির ক্ষেত্রে দ্রুত এগিয়ে আসছে। তার মোকাবিলায় মার্কিন অর্থনীতিও বাড়বে। প্রচুর কর্মসংস্থান হবে। অবকাঠামোর উন্নতি হবে।

বাইডেনের পরিকল্পনা হলো, ২০ হাজার মাইল রাস্তার উন্নতি করা হবে এবং হাজার হাজার ব্রিজ সারানো হবে। সরকারি পরিবহন ব্যবস্থার উন্নতিতে দ্বিগুণ খরচ করা হবে এবং প্রচুর ইলেকট্রিক চার্জিং পয়েন্ট তৈরি করা হবে। পানির পাইপ বদল করা হবে এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নতি করা হবে। পাওয়ার গ্রিড আপগ্রেড করা হবে যাতে ক্লিন এনার্জি দেওয়া সম্ভব হয়। হাসপাতাল, স্কুল ও প্রশিক্ষণকেন্দ্রগুলো সারানো হবে।

মার্কিন চেম্বার অব কমার্স এই পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেছে, কর্পোরেট কর বাড়ানো একেবারেই ঠিক নয়। এটা ভয়ংকরভাবে বিপথগামী সিদ্ধান্ত। কিন্তু বাইডেনের যুক্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ২০১৭ সাল পর্যন্ত কর্পোরেটকে যে কর দিতে হতো, তার থেকে তিনি কম কর চাপাচ্ছেন। তিনি জানিয়েছেন, আমি বলে নিতে চাই, যাদের আয় চার লাখ ডলারের কম, তাদের জন্য ফেডারেল কর বাড়বে না। আমি কর্পোরেটদের বিরুদ্ধে নই। কিন্তু আমাজনসহ প্রচুর কর্পোরেট কোনো আয়কর দেয় না। বাইডেন বলেছেন, একজন দমকলকর্মী, একজন শিক্ষক ২২ শতাংশ কর দেন। কিন্তু আমাজনসহ ৯০টি সংস্থা এক পয়সাও ফেডারেল কর দেয় না। আমি এটা বন্ধ করতে চাই।