উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কমানোকেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণকেই এ মুহূর্তে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির বিষয়ে মার্কিন নীতির কেন্দ্রে পরমাণু অস্ত্র হ্রাস করানোর চেষ্টাই থাকবে। বৃহস্পতিবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং এর বিষয়ে যে পদক্ষেপই নেওয়া হোক না কেন, তা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদের সাথে আলোচনা করে একসাথেই নেওয়া হবে। বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়াকে সাথে রাখবে মার্কিনীরা।

প্রাইস বলেন, আমি মার্কিন পর্যালোচনার কোনো উপসংহার টানব না। তবে আমরা বলেছি উত্তর কোরিয়া নিয়ে আমাদের নীতির কেন্দ্রে থাকবে পরমাণু নিরস্ত্রীকরণ। আমরা এও জানি, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কার্যকর করতে হলে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো মিত্র রাষ্ট্রগুলোকে সাথে নিয়েই করতে হবে। 

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এবং জাপান ও দক্ষিণ কোরিয়ার একই পদের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের ঠিক আগের দিন এসব কথা বললেন প্রাইস। আজ শুক্রবার (২ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনায় উত্তর কোরিয়ার প্রতি বাইডেন প্রশাসনের পর্যালোচনা তুলে ধরা হবে।

ইত্তেফাক/এসএ