দৈনিক ১০ হাজার টাকা করে ঘুষ না দেওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া-ঢাকা কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলাচলকারী বিআরটিসি বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি হলেন গাজীপুর বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) জিয়াউর রহমান।
শুক্রবার (২ এপ্রিল) সকাল থেকেই ম্যানেজারের নির্দেশে ওই রুটের বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ অবস্থায় ‘কুড়িল বিশ্বরোড ও গাউছিয়া সড়কটি দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করুন, জনদুর্ভোগ লাঘব করুন’ স্লোগানে রূপগঞ্জে বিআরটিসি বাস সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন করেছেন যাত্রীরা ।
এই রুটে যাতায়তকারী যাত্রীদের অভিযোগ, রাজধানী ঢাকায় প্রবেশের সহজ পথ হিসেবে গাউছিয়া-কুড়িল বিশ্বরোড সড়কটি ব্যবহার করেন যাত্রীরা। বিআরটিসি বাস সার্ভিস চালু থাকায় যাত্রীরা সহজে গন্তব্যে যেতে পারেন। বিআরটিসি বাস সার্ভিস বন্ধ থাকায় সময়মতো গন্তব্যে যেতে পারছেন না তারা।
এ বিষয়ে গাউছিয়া-কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলাচলরত বিআরটিসি বাস সার্ভিসের ইজারাদার হারুন মিয়া বলেন, প্রায় ২ বছর ধরে গাউছিয়া-কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলাচলরত বিআরটিসি বাস সার্ভিস পরিচালনা করে আসছি।
তিনি বলেন, কিছুদিন আগে গাজীপুর বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার জিয়াউর রহমান দৈনিক ১০ হাজার টাকা করে ঘুষ দাবি করে আসছেন। চাপের মুখে তাকে দৈনিক পাঁচ হাজার টাকা করে দিয়েছি। ১০ হাজার টাকা করে ঘুষ দিতে রাজি না হওয়ায় শুক্রবার ভোর থেকে বাস সার্ভিস বন্ধ হয়ে যায়।
ঘুষ দাবির বিষয়ে জানতে চাইলে গাজীপুর বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) জিয়াউর রহমান বলেন, ঘুষের টাকা দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তবে পুনরায় বাস সার্ভিস চালু করে দেওয়া হবে।
ইত্তেফাক/এনএ