ছয় মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ
রয়টার্স
করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের দাপটের মধ্যে ছয় মাস পর এক দিনে ৮১ হাজারের বেশি রোগী দেখল ভারত। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ ঘণ্টায় নতুন ৮১ হাজার ৪৬৬ রোগী শনাক্তের খবর দিয়েছে। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে গত বছরের ২৮ সেপ্টেম্বরের পর এক দিনে আর এত রোগী মেলেনি, জানিয়েছে আনন্দবাজার।
শনাক্ত রোগী বিবেচনায় বিশ্বের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে থাকা ভারতে মোট শনাক্ত রোগী এরই মধ্যে ১ কোটি ২৩ লাখ ছাড়িয়ে গেছে। সংক্রমণের যে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, তাতে আর কয়েক দিনের মধ্যে দেশটিতে দৈনিক শনাক্ত লাখ ছাড়িয়ে যেতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ এ ২৪ ঘণ্টায় ৪৬৯ জনের মৃত্যুর খবরও নিশ্চিত করেছে। সব মিলিয়ে করোনা ভাইরাস মহামারি এখন পর্যন্ত ভারতে ১ লাখ ৬৩ হাজার ৩৯৬ জনের প্রাণ কেড়ে নিল।
ভারতে করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ১৪৩ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। মহামারি শুরুর পর পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে এক দিনে আর কখনোই এত রোগী পাওয়া যায়নি। কয়েক দিন ধরে রাজ্যটিতে রাত্রিকালীন কারফিউও চলছে, কর্তৃপক্ষ এখন রাজ্যটির রেল যোগাযোগ ও ধর্মীয় স্থানগুলো বন্ধ করে দেওয়ার মতো কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।
দেশটিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে টিকাদান কর্মসূচির গতিও বেড়েছে; তার মধ্যেই সংক্রমণের নতুন ঊর্ধ্বগতিতে উদ্বিগ্ন অনেক রাজ্য লোকজনের চলাফেরা সীমিত করার পাশাপাশি নানা বিধিনিষেধ আরোপের কথা ভাবছে।