মধু সংগ্রহে তিন শতাধিক মৌয়ালের সুন্দরবনে যাত্রা

শেখ মোহাম্মদ আলী, শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

পূর্ব সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ। শরণখোলায় তিন শতাধিক মৌয়াল মধু সংগ্রহের জন্য বৃহস্পতিবার শেষ বিকালে সুন্দরবনে যাত্রা করেছে। বন বিভাগ এ বছর ১ হাজার ৪০০ কুইন্টাল মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। বনবিভাগ সূত্রে জানা যায়, মৌয়ালদের সুন্দরবনে মধু সংগ্রহের জন্য ১ এপ্রিল শরণখোলা ও বগী স্টেশন অফিস থেকে মৌয়ালদের পাশ (অনুমতিপত্র) দেওয়া হয়েছে। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মৌয়ালগণ বনে মধু সংগ্রহ করবেন। মৌয়ালদের ১৪ দিনের করে পাশ দেওয়া হয়। বৃহস্পতিবার ৩৪টি নৌকা পাশ নিয়েছে। প্রতিটি নৌকায় ৯ জন করে মৌয়াল রয়েছেন। বৃহস্পতিবার শেষ বিকালে শরণখোলা স্টেশন থেকে বনবিভাগের একটি ইঞ্জিনবোট মৌয়ালদের ৩৪টি নৌকার বহর টেনে নিয়ে গভীর বনের নির্দিষ্ট গন্তব্যে রওয়ানা হয়ে যায়। পূর্ব সুন্দরবন বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘এ বছর সুন্দরবনে ১ হাজার ৪০০ কুইন্টাল মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এ খাত থেকে বনবিভাগ ১০ লাখ টাকা রাজস্ব আয় করবে। গত ২০১৯-২০২০ অর্থ বছরে সুন্দরবনে ১ হাজার ২২০ কুইন্টাল মধু সংগ্রহ এবং ৯ লাখ টাকা রাজস্ব আয় হয়েছিল’।