কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে বাড়ি বাড়ি গিয়ে মাস্ক বিতরণ করছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জ্ঞানের আলো পাঠাগার। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে মাইকিং করে স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। শুক্রবার সকালে উপজেলার তারাশী গ্রামের পাঁচ শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে মাস্ক বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডল। জ্ঞানের আলো পাঠাগারের প্রেসিডিয়াম সদস্য আজিজুল ইসলাম বলেন, আমরা মনে করি, মাস্ক পরিধানে করোনা অনেকাংশে প্রতিরোধ সম্ভব। সেই লক্ষ্যে বাড়ি বাড়ি ও রাস্তাঘাটে সকলের মধ্যে মাস্ক বিতরণ করছি। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বলেন, জ্ঞানের আলো পাঠাগার আলোকিত স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির সদস্যরা সবসময় সামাজিক সচেতনতায় কাজ করে। করোনা সচেতনতায় কাজ করতে গিয়ে সংগঠনটির সভাপতিসহ কয়েক জন করোনায় আক্রান্ত হয়। সুস্থ হয়ে তারা আবার উপজেলার জনসাধারণের মধ্যে সেবা দিয়ে যাচ্ছে। তাদের এ রকম কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।