করোনা সংক্রমণে শীর্ষে মৌলভীবাজার

পর্যটনস্পট বন্ধসহ সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

মৌলভীবাজার প্রতিনিধি

করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির হার বিবেচনায় মৌলভীবাজার জেলা শীর্ষে রয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে নানামুখী উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং-এ জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন চৌধুরী ডা. মো. জালাল উদ্দিন মুর্শেদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।

সিভিল সার্জন চৌধুরী ডা. মো. জালাল উদ্দিন মুর্শেদ জানান, সারা দেশের করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির হার বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী মৌলভীবাজার জেলা এখন শীর্ষে। সারাদেশে করোনা সংক্রমণের টেস্টের বিপরীতে এ পরিসংখ্যান তৈরি হয়।

সিভিল সার্জন আরো জানান, করোনা আক্রান্তদের চিকিত্সার জন্য জেলা শহরে ৫০, রাজনগরে ৪০ ও অন্যান্য উপজেলায় ১০টি করে বিশেষ শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টার পর জেলার সব দোকানপাট (ফার্মেসি ব্যতীত) বন্ধ রাখা এবং জেলার সকল পর্যটন স্পট বন্ধ রাখা হয়েছে। জাতীয়ভাবে স্বাস্থ্য বিভাগের করোনার ১৮টি নির্দেশনার পাশাপাশি স্থানীয়ভাবে আরো ১১টি নির্দেশনা মানার জন্য নির্দেশ জারি করা হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিকে নিয়ে নানা উদ্যোগ নিয়ে মাঠে সক্রিয় রয়েছে প্রশাসন।