পরিচালক সমিতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত

বিনোদন রিপোর্ট

 

বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ গতকাল সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২০২২ সালের মেয়াদের নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ছিল ৩৬১ জন। এতে সভাপতি পদে লড়ছেন তিনজন, মহাসচিব পদেও লড়ছেন তিনজন। এছাড়া ৯টি সম্পাদকীয় পদে ও ১০টি কার্যনির্বাহী সদস্য পদে লড়াই করছেন প্রার্থীরা। এবার নির্বাচনে সভাপতি পদের জন্য লড়ছেন কাজী হায়াত্, শাহ আলম কিরণ ও সোহানুর রহমান সোহান। মহাসচিব পদে প্রার্থী হয়েছেন এস এ হক অলিক, শাহীন সুমন ও সাফি উদ্দিন সাফি।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আব্দুল লতিফ বাচ্চু। সদস্য হিসেবে আছেন আর স ম শফিকুর রহমান ও বি এইচ নিশান। উল্লেখ্য, শুরুতে ভোটারদের উপস্থিতি ছিল খুব কম। করোনা পরিস্থিতির কারণে এবারের নির্বাচনে উত্সবের আমেজ নেই বলে জানান সিনিয়র পরিচালক ও সমিতির বর্তমান মহাসচিব বদিউল আলম খোকন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হলেও ফলাফল প্রকাশিত হয়নি।