স্পোর্টস ডেস্ক
বাঁ পায়ের পেশির চোটে এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। বিশ্বকাপ বাছাইয়ে স্পেনের হয়ে খেলতে গিয়েই এই ইনজুরির শিকার হয়েছেন তিনি।
লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগ (৬ ও ১৪ এপ্রিল), লিগে এল ক্লাসিকো (১০ এপ্রিল); তর্কসাপেক্ষে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহটির সামনে দাঁড়িয়ে আছে রিয়াল মাদ্রিদ। এমন সময়ে এসে অধিনায়ককে সঙ্গে পাচ্ছে না তারা। গত দুই মৌসুমে নক-আউট পর্বের যেই দুটি ম্যাচে খেলতে পারেননি রামোস, সেই দুটি ম্যাচে হেরেই বাদ পড়েছিল রিয়াল। দলের প্রয়োজনে থাকতে পারছেন না, এটা ভেবে মন খারাপ রামোসেরও, ‘(ইনজুরি না), এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় দলকে সাহায্য করতে পারব না, এটা ভেবেই শুধু খারাপ লাগছে আমার।’
কোসোভোর বিপক্ষে স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পর ট্রেনিং মাঠে পায়ে সামান্য চোট অনুভব করেন রামোস। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে গত বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের মেডিক্যাল ইউনিট জানিয়েছে পেশির চোট গুরুতর না হলেও, এটার জন্য আপাতত মাঠের বাইরে থাকতে হবে এই ৩৫ বছর বয়সি সেন্টার-ব্যাককে।
আসছে জুনেই রিয়াল মাদ্রিদে রামোসের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। চুক্তি নবায়নে কোনো অগ্রগতি নেই বলে কয়েক সপ্তাহ আগেও জানিয়েছেন রামোস। সেক্ষেত্রে লিভারপুলের বিপক্ষে দল জিততে না পারলে হয়তো রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে আর খেলা হবে রামোসের। তার অধিনায়কত্বেই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল জিনেদিন জিদানের মাদ্রিদ।