বাড়তি সাত ক্রিকেটার নেওয়া যাবে

টি-২০ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

চলতি বছরের শেষদিকে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপ। করোনাকাল বলেই বিশ্বকাপে প্রতিটি দল মূল স্কোয়াডের বাইরে অতিরিক্ত সাত জন ক্রিকেটার নিতে পারবে। সর্বশেষ সভায় এ সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

বিশ্বকাপে সাধারণত ১৫ ক্রিকেটারের সঙ্গে আট জন কোচিং স্টাফের সদস্য নিতে পারত দলগুলো। করোনাকালে বিশ্বকাপ হবে বলেই নিয়মে কিছুটা পরিবর্তন এনেছে আইসিসি। প্রতিটি দল ২৩ সদস্যের পরিবর্তে হবে মোট ৩০ সদস্যের। এবার বাড়তি যোগ হবেন সাত ক্রিকেটার। কেউ করোনা পজিটিভ হয়ে পড়লেই যেন তত্ক্ষণাত্ বিকল্প পাওয়া যায়, তাই এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

তবে ঠিক বাড়তি সাত জনই নিতে হবে, এমন বাধ্যবাধকতা থাকছে না। চাইলে ক্রিকেটারের বদলে বাড়তি সাপোর্ট স্টাফও নেওয়া যাবে। সেক্ষেত্রে ক্রিকেটার হবেন ছয় জন। এমনকি সংখ্যাটা পাঁচ জন ক্রিকেটার, দুই জন সাপোর্ট স্টাফও হতে পারে। এছাড়া করোনাকালে ক্রিকেটে প্রবর্তিত সব নিয়মই বহাল থাকবে বিশ্বকাপে।