ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গতকাল শুক্রবার থেকে মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা, গাজীপুরের ইন্দ্রপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও রংপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিড়িয়াখানা দুটি দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে বলে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়ে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপস্থিতির মাধ্যমে যাতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে না পারে সে জন্য ঢাকা ও রংপুরে চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি করোনা ভাইরাসের পুনঃবিস্তার রোধে সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে করোনা সংক্রমণ রোধে গত বছর ২০ মার্চ প্রথমবারের মতো জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। পরবর্তীতে ঢাকা শহরবাসীর বিনোদন এবং শারীরিক ও মানসিক উত্কর্ষের বিষয়টিকে গুরুত্ব দিয়ে ১ নভেম্বর থেকে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ বেশ কিছু শর্তসাপেক্ষে জাতীয় চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।