পণ্যের দাম বাড়ানোর সিন্ডিকেটে সরকার জড়িত :ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাজারে জিনিসপত্রের দাম বাড়ছেই। আমরা খুবই উদ্বিগ্ন যে আসন্ন রমজানকে সামনে রেখে চাল-ডাল-তেল-লবণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বেড়ে গেছে, এটা নিয়ন্ত্রণে রাখতে সরকার ব্যর্থ হয়েছে। কারণ যারা দাম বাড়ায় সেই সিন্ডিকেটের সঙ্গে সরকার জড়িত। সরকারের লোকেরাই এই সিন্ডিকেট তৈরি করে। গতকাল শুক্রবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। ফখরুল অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং এ সময়ে তিনি সরকারবিরোধী দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা, গ্রেফতারের ঘটনা ঘটছে সেটা সামগ্রিকভাবে আওয়ামী লীগের চক্রান্তেরই একটা অংশ। এটা সরকারেরই একটা সাজানো নাটক। বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী গ্রেফতার প্রসঙ্গে ফখরুল বলেন, তিনি একজন আইনজীবী, সক্রিয় মানবাধিকার কর্মী এবং সচেতন রাজনীতিক। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার প্রশ্নই ওঠে না। এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও সাজানো। তার কণ্ঠ নকল করা হয়েছে। তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে জনগণের মধ্যে যে সচেতনতা সৃষ্টির প্রয়োজন ছিল তা করতে সরকার ব্যর্থ হয়েছে।