১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদ্যাপন পরিষদ ১৯শে মার্চের বীর যোদ্ধাদের সুবর্ণজয়ন্তীর বিশেষ সম্মাননা হিসেবে ১৯ মার্চ ’৭১ পদক প্রদান করতে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) সভাপতি ও বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলামকে চেয়ারম্যান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন সংগঠনের অন্যতম উপদেষ্টা শামসুন নাহার ভুঁইয়া এমপি, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ঢাকাস্থ গাজীপুর অফিসার্স ফোরামের সহ-সভাপতি আজহারুল হক, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আল মামুন ও গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মো. আমজাদ হোসেন। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. হাফিজা খাতুন ও প্রধান সমন্বয়কারী আতাউর রহমান কমিটিকে সহায়তা করবেন। এই কমিটি ১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরের জয়দেবপুর, চান্দনা চৌরাস্তা, বোর্ড বাজার ও টঙ্গীতে নেতৃত্বদানকারী বীর যোদ্ধাদের সম্মাননা প্রদান করার নীতিমালা ঠিক করে পদক প্রদানের জন্য কাজ করবে।—প্রেস বিজ্ঞপ্তি