রাজধানীর ডেমরা থানাধীন চিটাগাং রোডের বটতলা এলাকায় চাঁদপুরের মতলবের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্থানীয় দুই যুবক ঐ ছাত্রীকে ফুঁসলিয়ে চিটাগাং রোডে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। মৃত ছাত্রী মতলব উত্তর থানাধীন জোরখালী গ্রামের বাসিন্দা।
মৃত ছাত্রীর স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হলে একই গ্রামের রিয়াসাদ ও শহীদুল্লাহ নামের দুই যুবক ফুঁসলিয়ে তাকে নারায়ণগঞ্জে নিয়ে আসে। দুপুরে রিয়াসাদ ছাত্রীর ভাইকে ফোন করে জানায়, ঐ ছাত্রী তার সঙ্গে আছে এবং দুপুরে একসঙ্গে খাবার খেয়েছে। বিকালের দিকে বাসায় ফোন করে ‘ঐ ছাত্রী অচেতন অবস্থায় রাজধানীর চিটাগাং রোড বটতলা এলাকায় পড়ে আছে’ বলে পরিবারকে জানানো হয়। পরে ভিকটিমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
স্বজনরা আরো জানান, রিয়াসাদ নামের ঐ যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে তারা শুনেছেন। তবে পরিবারের দাবি—রিয়াসাদ ও শহীদুল্লাহ মিলে সুকৌশলে ঐ ছাত্রীকে মতলব থেকে চিটাগাং রোডে এনে ধর্ষণ করে হত্যা করেছে। এ ঘটনায় তারা আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ধর্ষণের শিকার হয়ে এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশকে জানানো হবে বলে তিনি জানান।