আট মাসের শিশুকে বিমানবন্দরে ফেলে গেলেন মা!

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট মাসের একটি মেয়ে শিশুকে ফেলে পালিয়ে গেছেন এক মা। ঐ মা সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার সকাল ৮টায় বিমানবন্দরের আগমনী টার্মিনাল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন। সিসিটিভি ফুটেজ দেখে ঐ নারীকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

পুলিশের ঐ কর্মকর্তা বলেন, গতকাল বিকালে শিশুটিকে মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করা হয়েছে। শিশুটিকে নেওয়ার জন্য অনেকেই যোগাযোগ করেছেন। কান্নারত শিশুটিকে উদ্ধারের পর এপিবিএন মেস থেকে দুধ এনে তাকে খাওয়ানো হয়েছে।

তিনি আরো জানান, শিশুটিকে ফেলে যাওয়া ঐ নারী দিবাগত রাত ২টার দিকে সৌদি আরব থেকে ঢাকায় আসেন। ফ্লাইট অবতরণের পর তিনি ৫ নম্বর লাগেজ বেল্টের সামনে শিশুটিকে নিয়ে অবস্থান করেন। বাড়ি ফেরার জন্য রাতে গাড়ি পাবেন না, তাই সকাল পর্যন্ত সেখানেই অপেক্ষা করেন। সকাল ৮টার দিকে হঠাত্ শিশুটিকে কান্না করা অবস্থায় রেখে তিনি লাগেজ নিয়ে পালিয়ে যান।

ঐ নারীর সঙ্গে একই ফ্লাইটে আসা আরেক নারীকে উদ্ধৃত করে পুলিশের এ কর্মকর্তা জানান, শিশুটির মা সৌদি আরবে কাজের জন্য গিয়েছিলেন। সেখানে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরে এই সন্তানের জন্ম। দেশে ফেরার আগে তাদের ডিভোর্স হয়ে যায়। সন্তানকে নিয়ে তিনি কোথায় যাবেন দ্বিধাদ্বন্দ্বে ছিলেন।