করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করা এবং জনসচেতনা বাড়াতে সারা দেশে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। এর ধারাবাহিকতায় গত কয়েক দিনে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটিকে, গোপালগঞ্জ শহর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, খুলনা, ময়মনসিংহ, সুনামগঞ্জের শাল্লায়, রংপুরের পীরগঞ্জ, রংপুর শহর, সাতক্ষীরার কলারোয়া, রাজধানীর আজিমপুর এতিমখানা, ফরাশগঞ্জের অরফানেজ সোসাইটি, তেজগাঁয়ের বটমলি অরফানেজ হোমস, সবুজবাগস্থ ঢাকা বৌদ্ধরাজিক মহাবিহারে ১ লাখ উন্নতমানের সার্জিক্যাল মাস্ক, কাপড়ের মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও এসব স্থানে বিশেষ ধরনের কেমিক্যালযুক্ত অ্যান্টিসেপটিক সাবানও বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, গত বছর করোনা ভাইরাস শুরুর পর থেকেই মানবতার মা বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা করোনা প্রতিরোধসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছিলাম। দ্বিতীয় ঢেউ শুরুর পর আবার কার্যক্রম জোরদার করেছি। ইতিমধ্যে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটিকে এবং বিভিন্ন জেলা-উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে এমনকি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে করোনা প্রতিরোধসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, করোনা প্রতিরোধসামগ্রী বিতরণই শেষ নয়, আমরা প্রয়োজনে খাদ্যসহায়তা সামগ্রীও বিতরণ করব। মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্যসচিব সুজিত রায় নন্দী।