নিরাপত্তার শংকায় যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে লকডাউন দেওয়া হয়েছে। গতকাল সন্দেহভাজন এক ব্যক্তি গাড়ি দিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দেয়। এরপর ছুরি দিয়েও হামলার চেষ্টা করে। পরে পুলিশের গুলিতে হামলাকারী আহত হয়। তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৬ জানুয়ারি দাঙ্গার পর এই প্রথম এ ধরনের হামলার ঘটনা ঘটলো। খবর সিএনএন ও ডেইলি মেইলের
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর একটা ১০ মিনিটে ক্যাপিটল হিলের উত্তরের ইন্ডিপেন্ডেন্স এভিনিউয়ে দুই পুলিশ কর্মকর্তাকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার খবর পান অন্য পুলিশ কর্মকর্তারা। দ্রুত সেখানে পুলিশ কর্মকর্তারা যান। তারা গাড়ির চালককে বাইরে আসতে বললে সে ছুরি বের করে হামলার চেষ্টা চালায়। এরই মধ্যে এক পুলিশ কর্মকর্তা গুলি চালায় এবং হামলাকারী গুলিবিদ্ধ হন। এরপর আহত দুই পুলিশ কর্মকর্তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশংকাজনক।
ক্যাপিটল হিলের পুলিশ এক টুইটার বার্তায় জানিয়েছে, তিনজনই হাসপাতালে ভর্তি। সন্দেহভাজন হামলাকারীর নাম প্রকাশ করেনি ক্যাপিটল পুলিশ। এনবিসি নিউজ জানিয়েছে, হামলাকারী মারা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। এই ঘটনার পর পুলিশ পুরো কংগ্রেস ভবনে লকডাউন জারি করে। এক নির্দেশনায় বাইরের নিরাপত্তার শংকায় কংগ্রেস ভবনে প্রবেশ এবং বাইরে যাওয়ার ব্যাপারে কড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়। ক্যাপিটল হিলের আকাশে হেলিকপ্টারকেও চক্কর দিতে দেখা যায়। ওয়াশিংটন ডিসির এফবিআই জানিয়েছে, তারা ক্যাপিটল পুলিশকে সহায়তা করছেন।
চলতি সপ্তাহে সিনেট কিংবা প্রতিনিধি পরিষদের কোনো অধিবেশন না থাকায় আইনপ্রণেতারা সবাই নিজের বাড়িতে আছেন। এই ঘটনার কিছুক্ষণ আগে ইস্টার সানডে পালন করতে হোয়াইট হাউজ ছেড়ে ক্যাম্প ডেভিডে যান প্রেসিডেন্ট জো বাইডেন। গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ভয়াবহ দাঙ্গার পর সেখানে প্রচুর ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয় এবং স্টিলের বেড়াও দেওয়া হয়। এর মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো।