নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের পশ্চিম বদি মাঝাপাড়া গ্রামে একটি খালের ওপর ব্রিজ নির্মাণ করা হলেও দুই দিকে সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না। ফলে সরকারিভাবে লাখ লাখ টাকা ব্যয় করে নির্মিত ব্রিজ অকেজো অবস্থায় পড়ে রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভার্ট কর্মসূচি প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে রনচন্ডি ইউনিয়নের কিশামতের বাজার হতে আনোনমারী কলেজ যাওয়ার রাস্তার ভাঙ্গায় ২০ লাখ ২৯ হাজার টাকা ব্যয় করে একটি ব্রিজ নির্মাণ করে সরকার। কিন্তু ব্রিজটি নির্মাণের দুই বছর পেরিয়ে গেলেও সংযোগ সড়ক কিংবা মূল সড়কটি সংস্কার না করার ফলে ব্রিজটি এলাকাবাসীর কোন কাজে আসছে না।
ছবি: ইত্তেফাক
কিশামত এলাকার বাসিন্দা তরিকুল মিয়া, আবুল হোসেন, হাসান আলী বলেন, ‘ব্রিজের পূর্বদিকে মূল সড়ক না থাকার কারণে বদি মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ব্যবহার, আনোনমারি কলেজ, কনমারী বাজার, আনোনমারি বাজারসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হয়।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আবুল হাসনাত সরকার বলেন, ‘ব্রিজের দুই দিকে সংযোগ সড়ক নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়াও সড়কটিতে মাটি ভরাট করে দেওয়া হয়েছে। যদি আবারও সড়কটির কোন সমস্যা হয় তাহলে পরিদর্শনপূর্বক সড়কটি সংস্কার করা হবে।’
ইত্তেফাক/এএএম