ভাণ্ডারিয়ায় বীর মুক্তিযোদ্ধা খলিলুরের দাফন, জেপি চেয়ারম্যানের শোক

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক থানা আনছার ও ভিডিপি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান রতনের (৬৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। 

শনিবার (৩ এপ্রিল) সকাল ১১টায় মরহুমের নিজবাড়ি ঈদগা মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামের উপস্থিতিতে গার্ড অব অনার প্রদর্শন করেন ভাণ্ডারিয়া থানা পুলিশ। 

পরে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজা নামাজ পরিচালনা করেন পৈকখালী বাজার জামে মসজিদের খতিব মাওলানা রেদওয়ান উল্লাহ। 

জানাজা নামাজে জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, গৌরীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল হক চান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক সিকদার, স্থানীয় প্রবীণ সমাজসেবক মো. ইব্রাহীম হোসেনসহ শুভাকাঙ্ক্ষীরা জানাজায় শরিক হন। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য, পিরোজপুর-২ আসনের সাবেক এমপি ও দৈনিক ইত্তেফাক, পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইত্তেফাকের প্রকাশক এবং আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক কেন্দ্রীয় সদস্য তারিন হোসেন। 

এছাড়াও শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাহিবুল হোসেন মাহিম, সদস্য সচিব এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদারসহ বিশিষ্টজনরা। মরহুম খলিলুর রহমান রতন দৈনিক ইত্তেফাক স্টাফ মো. কায়কোবাদের বড় ভগ্নিপতি। 

উল্লেখ্য, শুক্রবার রাতে (২ এপ্রিল) ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইত্তেফাক/এএএম