স্পুটনিক ভি এর দ্বিতীয় ডোজ নেয়ার পরও করোনায় আক্রান্ত হলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ৬২ বছর বয়সী আলবার্তো ফার্নান্দেজ। শুক্রবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই। সতর্কতার অংশ হিসেবে আইসোলেশনে রয়েছেন তিনি।
বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, তিনি টুইট বার্তায় বলেন, জ্বর ও সামান্য মাথাব্যথা হওয়ার পর আজ সন্ধ্যার দিকে আমি এন্টিজেন পরীক্ষা করিয়েছি। এ পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে। টুইটার বার্তায় তিনি আরও বলেন, রোগ নির্ণয়ের বিষয়টি নিশ্চিত হতে তিনি পিসিআর ফলাফলের অপেক্ষায় রয়েছেন। তবে তিনি জানান, ‘শারীরিকভাবে ভাল আছেন।’
প্রেসিডেন্ট দপ্তর সূত্র এএফপি’কে বলেছে, ফার্নান্দেজ রাশিয়ার তৈরি স্পুটনিক-৫ টিকা গ্রহণ করেন এবং গত ১১ ফেব্রুয়ারি তিনি তার দ্বিতীয় ডোজ নেন।
আর্জেন্টিনায় করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে। চার কোটি ৪০ লাখ জনসংখ্যা অধ্যুষিত দক্ষিণ আমেরিকার এ দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত ২৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং ৫৫ হাজারের বেশি প্রাণ হারিয়েছে।
ইত্তেফাক/ অনলাইন ডেস্ক