‘আমরা ভালো কিছু কাজ উপহার দিতে চাই’

বিনোদন প্রতিবেদক

 

এ সময়ের জনপ্রিয় চিত্রনায়ক নিরব হোসেন চলচ্চিত্রে নিজেকে প্রমাণ করতে কাজ করে যাচ্ছেন প্রায় এক দশক ধরে। এরইমধ্যে বেশকিছু ব্যবসাসফল চলচ্চিত্র যোগ করেছেন নিজের ক্যারিয়ারে। বর্তমানে বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি শেষ করেছেন বিরতি কাটিয়ে ফেরা চিত্রনায়িকা বুবলীর সঙ্গে জুটি বেঁধে ‘ক্যাসিনো’ ছবির কাজ। পাশাপাশি শুরু করেছেন মিথিলার সঙ্গে ‘অমানুষ’ ছবির শুটিং। নিজের বর্তমান ব্যস্ততা ও বুবলীর সঙ্গে কাজ প্রসঙ্গে নিরব বলেন, ‘অনেকদিন পর আমরা শুটিংয়ে ফিরেছিলাম। কিন্তু আবারো করোনা বেড়ে যাওয়ায় সব এলোমেলো হয়ে গেল। এরইমধ্যে ক্যাসিনো ছবিটির শুটিং শেষ করলাম। পাশাপাশি অমানুষ ছবিটির শুটিং শুরু করেছি। এর আগে রোজিনা আপার ছবিটির কাজ শেষ করেছি। বুবলীর সঙ্গে দুটি ছবিতে কাজ করলাম। বুবলী অনেক মেধাবী একজন অভিনেত্রী। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। আর কাজের ক্ষেত্রে আমাদের বোঝাপড়াটাও দারুণ বলতে পারেন। নিশ্চয় ছবিটি দেখার পর সকলেই আমাদের জুটির প্রশংসা করবেন। আমরা ভালো কিছু কাজ উপহার দিতে চাই।’ দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে নায়ক সংকটের একটা আলোচনা রয়েছে। এর ভেতরে অনেকে সাড়া জাগিয়ে আবার হারিয়েও গেছেন। কিন্তু নিরব এ ক্ষেত্রে ব্যতিক্রমী একটি নাম। তারপরও একক নায়ক নির্ভরতা কাটছে না কেন?—এমন প্রশ্নে নিরব আরো বলেন, ‘দেখুন, আমি চাইলেই তো আর সেই জায়গা তৈরি করতে পারি না। নিজেকে প্রমাণ করতে একটি ভালো কন্টেন্ট প্রয়োজন। পাশাপাশি উপস্থাপনাও সুন্দর হতে হয়। এখানে শুধু পরিচালককে বা অভিনেতাকে দোষ দিলে হবে না। বাজেট থেকে শুরু করে ভালো গল্প, ভালো টিম, প্রচার-প্রচারণা সবই থাকতে হবে।  নিশ্চয় একদিন সকলের ভরসার জায়গায় পৌঁছাতে পারবো।’

এছাড়া দীর্ঘদিন ধরে সংকটের ভেতর দিয়ে যাওয়া চলচ্চিত্র ভালো কাজ বেশি হলে শিগগিরই ঘুরে দাঁড়াবে বলে মনে করেন নিরব।