‘আমার অভিনয় জীবন সার্থক’

তারিফ সৈয়দ

 

অভিনেতা-নির্মাতা জিয়াউল হক পলাশকে এখন অনেকেই টিভি নাটকের ট্রাম্পকার্ড হিসেবে দেখেন। তার আলাদা ভক্তকূল তাকে আজকের এই অবস্থান দিয়েছে। তাই নির্মাতারা তাকে কাস্ট করা মানেই ভিউয়ের রেকর্ড গড়া। এছাড়া আউটডোর শুটিংয়ে পলাশকে নিলে সেই এলাকায় আলাদা নিরাপত্তার ব্যবস্থা রাখতে হয়। কিছুদিন আগে ঢাকার বাইরে একটি শুটিংয়ে পলাশের উপচেপড়া ভক্তকূল ছিল অবাক করার মতো। খুব অল্প সময়েই নাটকের নির্ভরযোগ্য একটি নামে পরিণত হয়েছেন তিনি।

টিভি নাটক ও ডিজিটাল প্লাটফর্ম, দুই জায়গাতেই সমান জনপ্রিয় তিনি। ফ্যামিলি ক্রাইসিস ও ব্যাচেলর পয়েন্ট নামের দুটি ধারাবাহিকের মূল আকর্ষণ হিসেবে ছিলেন পলাশ। আসছে ঈদে হয়তো রেকর্ডসংখ্যক নাটকে রয়েছেন জিয়াউল হক পলাশ। ঠিক কতগুলো নাটক করছেন সেই প্রশ্ন করতেই পলাশ বলেন, ‘আসলে কোনটি কখন অনএয়ার বা কোন চ্যানেলে প্রচার হবে এটা বলা মুশকিল। তবে এটা ঠিক আমি সংখ্যা বাড়ানোর জন্য নাটক করিনি। আর্থিক চাওয়া সবারই থাকে। তবে সেই চাওয়াটায় আমার অস্থিরতা নেই। নিজের নির্মাণ ও অভিনয় দুটিতেই একইসঙ্গে স্বাচ্ছন্দ্যে কাজ করতে চাই। সেক্ষেত্রে নিজের মনের মতো চরিত্র না পেলে সেই কাজ করি না কখনো।’

তবে এবারের ঈদে পলাশের জন্য বড় সুসংবাদ হলো ঈদ ইত্যাদিতে পারফর্ম করছেন তিনি। পলাশ বলেন, ‘হানিফ সংকেতের মতো এত বড়মাপের নির্মাতা যখন অফার করলেন তখন সত্যিই মনে হলো আমার অভিনয় জীবন সার্থক। কারণ হানিফ সংকেত হলেন আমাদের মোহের মানুষ। তার অনুষ্ঠান, তার নির্মাণ, তার উপস্থাপনা দেখে দেখেই আমাদের বড় হওয়া। সেখানে এদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত অনুষ্ঠান ঈদ ইত্যাদিতে পারফর্ম করা সত্যিই জীবনের বড় একটা প্রাপ্তি।’

উল্লেখ্য, গত প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে দর্শকপ্রিয়তায় ইত্যাদির রেকর্ড কেউ ছুঁতে পারেনি।