ইত্তেফাক রিপোর্ট
প্রায় আট বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র বহুল আলোচিত পরিচালক পরিষদের প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন। সারা দেশে মাত্র ২ হাজার ৩১৪ জন ভোটারের এই নির্বাচন সম্ভবত অতীতের যে কোনোবারের চেয়ে বেশি আলোচনা তৈরি করেছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সমন্বয় পরিষদ’ ও ‘ফোরাম’ প্যানেলের মধ্যে অভিযোগ, পালটা অভিযোগ আর কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে আজ রবিবার এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাঝে একবার নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. ফরহাত আনোয়ার পদত্যাগও করেছিলেন। অবশ্য সংগঠনের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে তিনি ফেরত আসেন। এর মধ্যে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার আগামীকাল থেকে দেশব্যাপী লকডাউনও ঘোষণা করেছে। ফলে ভোটার উপস্থিতি কেমন হবে কিংবা এই নির্বাচন ঘিরে জনসমাগম বেশি হওয়ায় তা করোনার সংক্রমণ উসকে দেয় কি না—এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। ছিল কিছু অনিশ্চয়তাও। তবে সব জল্পনাকল্পনা শেষে আজ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ৩৫ পরিচালক পদের বিপরীতে ৭০ জন লড়ছেন।
ঢাকা ও চট্টগ্রাম—দুই অঞ্চলের ভোটাররা দুই জায়গায় ভোট দিতে পারবেন। ঢাকায় হোটেল র্যাডিসন এবং চট্টগ্রামে বিজিএমইএ’র আঞ্চলিক অফিসে ভোটগ্রহণ হবে। ঢাকায় ১ হাজার ৮৫৩ জন এবং চট্টগ্রামে ভোটার ৪৬১ জন। বিজিএমইএর নির্বাচন বোর্ডসূত্র জানিয়েছে, করোনার পরিস্থিতি বিবেচনায় ভোট গ্রহণের সময়সীমা তিন ঘণ্টা বাড়ানো হয়েছে। ভোটাররা সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট দিতে পারবেন। এছাড়া ভিড় এড়াতে বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে। ভোটে ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে মোট ৩৫ জন পরিচালক নির্বাচিত হবে। যে প্যানেলের পক্ষে বেশি পরিচালক নির্বাচিত হন, সাধারণত তারাই সভাপতিসহ পরিচালনা পর্ষদ গঠন করতে পারেন। নির্বাচিত পরিচালকরা আগামী ২০ এপ্রিল সভাপতি ছাড়াও সাত জন সহসভাপতি নির্বাচিত করবেন।
প্রতি দুই বছর পর পর বিজিএমইএর নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও গত দুই পরিচালনা পর্ষদ হয়েছিল মূলত উভয় প্যানেলের সমঝোতায়। সর্বশেষ ২০১৩ সালে উভয় প্যানেলের প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন সম্মিলিত পরিষদের আতিকুল ইসলাম, যিনি বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র। এরপর সমঝোতায় প্রথমে সম্মিলিত পরিষদের সিদ্দিকুর রহমান দুই বছরের স্থলে প্রায় সাড়ে তিন বছর আর বর্তমান সভাপতি রুবানা হক দুই বছর দায়িত্ব পালন করেন। করোনা ভাইরাসের পরিস্থিতিতে এই সভাপতির নেতৃত্বাধীন বোর্ড আরো ছয় মাস বাড়তি দায়িত্ব পালনের জন্য সময় চাইলেও সে সমঝোতা হয়নি। ফলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচনে সম্মিলিত পরিষদ থেকে নেতৃত্ব দিচ্ছেন জায়ান্ট গ্রুপের প্রধান ফারুক হাসান। তিনি এর আগে বিজিএমইএর বোর্ডে সিনিয়র সহসভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছিলেন। নিজের প্যানেলের জয়ের বিষয়ে আশাবাদের কথা জানিয়ে তিনি বলেন, অনেক বছর ধরে পোশাক খাতের অগ্রগতির জন্য কাজ করেছি। বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করার মতো টিম রয়েছে আমাদের। তাজরীন, রানা প্লাজার মতো কঠিন সময়ের পাশাপাশি ন্যূনতম মজুরির বিষয়ে কাজ করার মতো অভিজ্ঞ ব্যক্তিরা এই প্যানেলে রয়েছেন। এর সঙ্গে রয়েছেন নবীনরাও।
অন্যদিকে ফোরামের নেতৃত্ব দানকারী এ বি এম সামছুদ্দিন হান্নান গ্রুপের চেয়ারম্যান। তিনিও নিজের প্যানেলের জয়ের বিষয়ে আশার কথা জানিয়ে বলেন, গত দুই বছরে করোনার কঠিন সময়ে বর্তমান সভাপতির নেতৃত্বে সদস্যদের জন্য কাজ করা হয়েছে। ভোটাররা এখন সচেতন। তারা জানেন, কাদের দিয়ে সদস্য এবং সংগঠনের কল্যাণ হবে।
বিভিন্ন ধরনের আলোচনা থাকলেও নির্বাচন নিয়ে কোনো প্যানেলের পক্ষ থেকেই অনিয়মের আশঙ্কার কথা জানানো হয়নি। তবে ফল ঘোষণার ক্ষেত্রে কোনো অনিয়ম কিংবা গণ্ডগোল হয় কি না, তেমন শঙ্কার কথা বলছেন কেউ কেউ। এ পর্যন্ত বিজিএমইএর ১৫ জন সভাপতি পেয়েছে। এর মধ্যে সম্মিলিত পরিষদ থেকে ১১ জন আর ফোরাম প্যানেল থেকে চার জন।