দর বাড়ার শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ড

ইত্তেফাক রিপোর্ট

বিদায়ি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯১টির বা ২৪ দশমিক ৫৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি বেড়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ১৩ দশমিক ৪০ টাকায়। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবস ফান্ডটির ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ১৭ দশমিক ২০ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে ফান্ডটির ইউনিট দর ৩ দশমিক ৮০ টাকা বা ২৮ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রভাতী ইনসিওরেন্সের ১৮ দশমিক ৩০ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১২ দশমিক ৩৩ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ১০ দশমিক ৯৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৬৩ শতাংশ, নিটল ইনসিওরেন্সের ৮ দশমিক ৪০ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৮ দশমিক ৩৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্সের ৭ দশমিক ০৯ শতাংশ বেড়েছে।