সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শেষ

বাড়ি ফিরছেন বাওয়ালিরা

মোহা. হুমায়ুন কবির, কয়রা (খুলনা) সংবাদদাতা

চলতি মৌসুমে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের দুটি কূপ থেকে গোলপাতা আহরণ করে বাড়ি ফিরছেন বাওয়ালিরা। মৌসুমের দ্বিতীয় ট্রিপে গোলপাতা আহরণে ব্যস্ত সময় পার করে সবাই ঘরমুখী। কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের বাওয়ালি নূর ইসলাম সানা বলেন, সুন্দরবন থেকে বনজদ্রব্য আহরণে কড়াকড়ি ও চাহিদা হ্রাস পাওয়ায় মূলত গোলপাতা আহরণে আগ্রহ হারাচ্ছেন বাওয়ালিরা। সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহযোগী সুলতান আহমেদ বলেন, সাতক্ষীরার একটি কূপে গোলপাতা সংগ্রহ করতে ৩৭টি বিএলসির অনুকূলে বাওয়ালিরা প্রথম দফায় ১৭ হাজার ৬৩৫ মণ গোলপাতা সংগ্রহের অনুমতি (পারমিট) গ্রহণ করেন। দ্বিতীয় দফায় একই বিএলসির অনুকূলে ১৭ হাজার ৬৩৫ মণ পারমিট গ্রহণ করেন বাওয়ালি। এখন গোলপাতা কাটার কাজ শেষ। হাসিমুখে বাড়ি ফিরছেন সবাই। সাতক্ষীরা গোলপাতা কূপ কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, গত ২৬ জানুয়ারি থেকে এসব বিএলসির অনুকূলে এসব পারমিট দেওয়া শুরু হয়। এ ছাড়া আহরণের কাজ শেষ হয়েছে ৩০ মার্চ পর্যন্ত। সহযোগী কূপ কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জে প্রথম দফায় ১৪৫টি বিএলসির অনুকূলে ৭০ হাজার ১২৮ মণ ও দ্বিতীয় দফায় ৯২টি বিএলসির অনুকূলে ৪৫ হাজার ৬৩৯ মণ গোলপাতা কাটার অনুমতি দেওয়া হয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. সালেহ বলেন, বাওয়ালিরা যাতে নির্বিঘ্নে গোলপাতা কাটতে পারে সেজন্য কূপের পক্ষে নিয়মিত তদারকি করা হয়েছে। এ বছর প্রতিটি স্টেশন ও কূপে নিয়মিত তদারকিপূর্বক বিএলসি নবায়নের অনুমতি দেওয়া হয়েছে।