তিতাসে বিকাশ এজেন্টের ওপর হামলা করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

তিতাসের বালুয়াকান্দি গ্রামের বিকাশের এজেন্ট ব্যবসায়ী দ্বীন ইসলাম প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে। এ সময় তার দোকান থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৮টায় উপজেলার মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি বাজারে এ ঘটনা ঘটে। দ্বীন ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় বালুয়াকান্দি থেকে মজিদপুর যাওয়ার পথে কাকিয়াখালী ব্রিজের সামনে তার ওপর হামলা করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। শনিবার সকালে হামলাকারীরা আবার বালুয়াকান্দি বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। তারা দোকান ঘর ভাঙচুর করে প্রায় সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। তিতাস থানার ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলাম জানান, শুক্রবার রাতে ও শনিবার সকালে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে দ্বীন ইসলাম একটি অভিযোগ জমা দিয়েছে।