রাঙ্গামাটি প্রতিনিধি
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে রাঙ্গামাটিতে এবারও হচ্ছে না বর্ষবরণ বা বৈসাবি উত্সব। বিজু, সাংগ্রাইং, বৈসুক, বিষু, বিহু ও বাংলা নববর্ষ-২০২১ উদ্যাপন কমিটির পক্ষ থেকে এসব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী ১২ এপ্রিল পাহাড়ের বৈসাবি উত্সবের প্রথম দিন। আর ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তির আগের দিনকে বলা হয় ফুল বিজু।
বিজু, বৈসু, সাংগ্রাইং, বিষু-২০২১ উদ্যাপন কমিটির সদস্যসচিব ইন্টু মনি চাকমা বলেন, ‘দেশব্যাপী করোনা মহামারির কারণে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমাদের সব অনুষ্ঠান স্থগিত রাখছি। জনসমাবেশ হবে এমন অনুষ্ঠান বাদ দেওয়া হয়েছে। তবে প্রকাশনা বের করা হবে।’ ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সুরেশ ত্রিপুরা বলেন, ‘মহামারি করোনার কারণে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে মা গঙ্গার উদ্দেশে নদীতে ফুল ভাসানোসহ সব ধরনের অনুষ্ঠান স্থগিত করেছি। গত বছরের মতো এ বছরও কোনো উত্সব আনুষ্ঠানিকভাবে করা হবে না।’
উল্লেখ্য, প্রতি বছর বাংলা নববর্ষকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে বসবাসরত ১৩ নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর উদ্যোগে বিজু, সাংগ্রাইং, বৈসুক, বিষু, বিহু, জল উত্সব ও বাংলা নববর্ষ উত্সাহ-উদ্দিপনার মধ্য দিয়ে পালন করা হয়। এ উত্সব পাহাড়ের সবার মধ্যে ছড়িয়ে দিতে ৯ এপ্রিল থেকে উদ্যাপন পরিষদের উদ্যোগে র্যালিসহ বিভিন্ন ধরনের পাহাড়ি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।