ইত্তেফাক ডেস্ক
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন জনের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর।
দেবীগঞ্জ (পঞ্চগড়) :দেবীগঞ্জে গতকাল শনিবার দুপুরে মাস্ক না পরায় আট জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। দেবীগঞ্জ বাজার, পাবলিক ক্লাব বাজার ও কালীগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরায় আট পথচারীর কাছ থেকে ১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন।
নিকলী (কিশোরগঞ্জ) :নিকলীর বিভিন্ন জনবহুল এলাকায় মাস্ক না পরায় ১৬ জনের কাছ থেকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না।
সৈয়দপুর (নীলফামারী) :সৈয়দপুরে মাস্ক না পরায় ২২ জনের কাছ থেকে ৪ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় শহরের পাঁচমাথা মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জলঢাকা (নীলফামারী) :জলঢাকায় গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন ও মাস্ক না পরায় ৫৮ জনের কাছ থেকে ১৪ হাজার ৩৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতি ও শুক্রবার দুই দিন উপজেলা পরিষদ চত্বর, জিরো পয়েন্ট মোড়, পেট্রলপাম্পসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করে ঐ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিফাত মো. ইশতিয়াক ভুঁইয়া।