পিএসজি তারকা কিলিয়ান এমবাপে জানিয়েছেন, আত্মবিশ্বাস ধরে রাখতে মাঠে প্রবেশ করার পর নিজেকেই শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে ভাবেন তিনি। এমনকি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও নিজেকে এগিয়ে রাখেন তিনি। গত শুক্রবার স্প্যানিশ সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাত্কারে এই কথা বলেছেন এমবাপে। তবে মেসি-রোনালদোর প্রতি সম্মানের ঘাটতি রেখে শ্রেষ্ঠত্বের কথা বলেননি এমবাপে। নিজের প্রতি বিশ্বাস চাঙ্গা রাখার একটি হাতিয়ার হিসেবে এই চিন্তাটা মাথায় রাখেন বলেন জানিয়েছেন তিনি, ‘প্রতিবার মাঠে ঢুকার সময় আমি বলি, আমিই শ্রেষ্ঠ; যদিও আমি মেসি ও রোনালদোর সঙ্গে একই মাঠে খেলেছি। তারা অবশ্যই আমার চেয়ে ভালো খেলোয়াড়। তাদের অর্জন আমার চেয়ে কোটি গুণ বেশি। কিন্তু নিজেকে আমি সবসময় বলি আমিই শ্রেষ্ঠ, কেননা এটা বললে নিজের আর কোনো সীমারেখা থাকে না, মাঠে সর্বোচ্চটাই দিতে পারি আমি।’