বিএনপি দুই অপরাধে অপরাধী :তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, নৈরাজ্য সৃষ্টিতে যুক্ততা ও অপরাধীদের আড়াল করার অপচেষ্টার দুই অপরাধে অপরাধী বিএনপি। গতকাল শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের বাসভবনে সীমিতসংখ্যক সাংবাদিকদের প্রশ্নের জবাবদানকালে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সাহেবরা নৈরাজ্যকারীদের সঙ্গে যুক্ত হয়ে এক অপরাধ করেছেন, আবার এখন সেই অপরাধীদের আড়াল করার অপচেষ্টা করে আরেকটা অপরাধ করছেন—দুই অপরাধেই বিএনপি অপরাধী।’ বিএনপির দায়িত্বহীন রাজনীতি এবং অপরাধীদের লালন-পোষণের কারণেই এই সব অপশক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পায় বলে উল্লেখ করেন তিনি। বিরোধী দলেরও দেশের প্রতি দায়িত্ব আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বিএনপির উদ্দেশ্যে বলেন, ‘আমি অনুরোধ জানাব, কোনো ভুল দেখলে গঠনমূলক সমালোচনা করুন, কিন্তু দায়িত্বশীল পদে থেকে দায়িত্বহীনের মতো কথা বলবেন না।’

‘সরকার সমর্থিত লোকেরাই সাম্প্রতিককালে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে ও নিপুণ রায়ের ফোনালাপ সরকারের বানানো’ মর্মে বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, নৈরাজ্যের ঘটনাগুলো কারা ঘটিয়েছে, তা পত্র-পত্রিকাসহ সব গণমাধ্যমে আছে। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চক্রান্ত হেফাজতে ইসলামের বর্তমান নেতৃত্বের ব্যানারে এসব ঘটানো হয়েছে। আর এদের মদত দিয়েছে বিএনপি ও জামায়াত, যার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে বিএনপির নিপুণ রায়ের ফোনালাপ। আর নিপুণ রায়ের ফোনালাপ দিবালোকের মতো স্পষ্ট, এটিকে বানানো বলা মির্জা ফখরুল সাহেবের বানোয়াট কথাবার্তারই পুনরাবৃত্তি মাত্র।

করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সবাই পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হবে।