কোটালীপাড়ায় বুদ্ধি প্রতিবন্ধীকে পিটিয়ে আহত করল মাদক ব্যবসায়ী!

আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যালে ভর্তি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

কোটালীপাড়া উপজেলায় মাসুদ শেখ (৩৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবককে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে হাচিবুর হাজরা নামের এক মাদক ব্যবসায়ী। বর্তমানে ঐ যুবক খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। মাসুদ উপজেলার সেনারগাতি গ্রামের কবির শেখের ছেলে।

মাসুদের চাচা আবুল বশার শেখ বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আবুল বশার জানান, গত বুধবার সন্ধ্যায় টুপুরিয়া বাসস্ট্যান্ড দিয়ে মাসুদ হেঁটে যাচ্ছিল। এ সময় মাসুদের শারীরিক অবস্থা নিয়ে হাচিবুর হাজরার পিতা নজির হাজরা কটূক্তি করে। তখন মাসুদ ক্ষিপ্ত হয়ে নজির হাজরার দিকে তেড়ে যায়। পাশ থেকে এ ঘটনা দেখে হাচিবুর হাজরা নির্মমভাবে পিটিয়ে আহত করে মাসুদকে। ইউপি সদস্য নাসিম আহম্মেদ জানান, গুরুতর আহত মাসুদকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। উন্নত চিকিত্সার জন্য পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাচিবুর হাজরার নামে কোটালীপাড়া থানায় একাধিক মাদক ও মানব পাচার মামলা রয়েছে। হাচিবুরের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। থানায় অভিযোগ দেওয়ার পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে গেছে হাচিবুর। কোটালীপাড়া থানার এসআই আমিনুল ইসলাম বলেন, অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।