যুক্তরাজ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর রক্ত জমে সাত জনের মৃত্যু

যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, দেশটিতে অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন নেওয়ার পর রক্তে জমাট বাঁধা ৩০ জনের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। তবে এরপরও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ‘নিরাপদ’ উল্লেখ করে দেশটির জনগণকে তা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি। খবর বিবিসির।

যুক্তরাজ্যের মেডিসিন্স অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জানায়, ভ্যাকসিন নেওয়ার কারণেই রক্তে জমাট বাঁধার বিষয়টি স্পষ্ট নয়। যুক্তরাজ্যে রক্তে বিরল জমাট বাঁধার নির্দিষ্ট ঘটনাগুলো পর্যালোচনা করা হচ্ছে। রক্ত জমাট বেঁধে মৃতদের বয়স ও স্বাস্থ্যগত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে সংস্থাটি ভ্যাকসিন নেওয়ার পর ৩০ জনের দেহে রক্তে জমাট বাঁধার কথা জানিয়েছে। যেখানে ১ কোটি ৮০ লাখের বেশি ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। সংস্থাটির মতে, ভ্যাকসিন নেওয়ার পর রক্তে জমাট বাঁধার ঝুঁকি খুব কম। এমএইচআরএ-এর প্রধান নির্বাহী ড. জুন রায়নে জানান, করোনার সংক্রমণ মোকাবিলায় অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়া যে কোনো ঝুঁকির তুলনায় লাভ বেশি। জনগণের উচিত ভ্যাকসিন নেওয়া যখন তাদের আহ্বান জানানো হবে। উল্লেখ্য, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনে রক্তে জমাট বাঁধার আশঙ্কায় কানাডা, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডস ইতিমধ্যে বয়স্কদের দেহে প্রয়োগ স্থগিত করেছে। ইউরোপের বিভিন্ন দেশের তুলনায় দ্রুতগতিতে ভ্যাকসিন কর্মসূচি পরিচালনা করা যুক্তরাজ্য এই ভ্যাকসিনেই আস্থা রাখছে।