ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার বিজাপুর জেলার এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর আরো কিছু সদস্য আহত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
জানা গেছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) একটি যৌথ বাহিনীর ওপর মাওবাদী বিদ্রোহীরা গুলিবর্ষণ শুরু করলে দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। এ ঘটনায় কিছু সন্দেহভাজন মাওবাদী বিদ্রোহীও নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির পুলিশ। নিরাপত্তা বাহিনীর যৌথ দলটি মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে যাওয়ার পর ছত্তিশগড়ের টারেম এলাকায় দুপক্ষের মধ্যে বন্দুক লড়াই শুরু হয় বলে রাজ্য পুলিশের মহাপরিচালক ডিএম অবস্তী বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, মাত্র একদিন আগে রাজ্যটির নারায়ণপুর জেলায় ডিআরজির ২৭ সদস্যকে বহনকারী একটি বাসে মাওবাদীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত ও আরো ১৪ জন আহত হয়েছিল। রাজ্যের কাদেনার থেকে কানহারগাঁও যাওয়ার পথে মাওবাদীরা বাসটি লক্ষ্য করে আইইডির বিস্ফোরণ ঘটিয়েছিল।