রাজশাহীর চারঘাটে মাছ চুরির অভিযোগে এক শিশুকে গাছে বেঁধে নির্যাতন করায় অভিযুক্ত জহুরুল ইসলাম জহিরকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জহুরুল ইসলাম জহিরকে তার নিজ বাড়ি উপজেলার মেরামতপুর থেকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তুষার আহমেদ (১৩) নামে এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। তুষার উপজেলার মেরামতপুর গ্রামের ছহির উদ্দিনের ছেলে ও পঞ্চম শ্রেণির ছাত্র।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার তুষার বন্ধুদের সঙ্গে প্রতিবেশী জহুরুল ইসলাম জহিরের পুকুরে গোছল করতে যায়। এ সময় তুষারসহ আরো কয়েক জন শিশুকে মাছ চুরির অভিযোগে ধাওয়া করে পুকুরের মালিক জহির। অন্যরা পালিয়ে গেলেও তুষারকে ধরে পুকুর পাড়ে গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধেন তিনি। এরপর লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত ও জখম করে। পরে সংবাদ পেয়ে তুষারের আত্মীয়স্বজনসহ প্রতিবেশীরা গিয়ে আহত অবস্থায় তুষারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত তুষারের বাবা ছহির উদ্দিন বাদী হয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জহিরকে গ্রেফতার করে গতকাল জেলহাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তুষারের পরিবারসহ এলাকাবাসী।